1 | নূন। শপথ কলমের এবং সেই বিষয়ের যা তারা লিপিবদ্ধ করে, |
2 | আপনার পালনকর্তার অনুগ্রহে আপনি উম্মাদ নন। |
3 | আপনার জন্যে অবশ্যই রয়েছে অশেষ পুরস্কার। |
4 | আপনি অবশ্যই মহান চরিত্রের অধিকারী। |
5 | সত্ত্বরই আপনি দেখে নিবেন এবং তারাও দেখে নিবে। |
6 | কে তোমাদের মধ্যে বিকারগ্রস্ত। |
7 | আপনার পালনকর্তা সম্যক জানেন কে তাঁর পথ থেকে বিচ্যুত হয়েছে এবং তিনি জানেন যারা সৎপথ প্রাপ্ত। |
8 | অতএব, আপনি মিথ্যারোপকারীদের আনুগত্য করবেন না। |
9 | তারা চায় যদি আপনি নমনীয় হন, তবে তারাও নমনীয় হবে। |
10 | যে অধিক শপথ করে, যে লাঞ্ছিত, আপনি তার আনুগত্য করবেন না। |
11 | যে পশ্চাতে নিন্দা করে একের কথা অপরের নিকট লাগিয়ে ফিরে। |
12 | যে ভাল কাজে বাধা দেয়, সে সীমালংঘন করে, সে পাপিষ্ঠ, |
13 | কঠোর স্বভাব, তদুপরি কুখ্যাত; |
14 | এ কারণে যে, সে ধন-সম্পদ ও সন্তান সন্ততির অধিকারী। |
15 | তার কাছে আমার আয়াত পাঠ করা হলে সে বলে; সেকালের উপকথা। |
16 | আমি তার নাসিকা দাগিয়ে দিব। |
17 | আমি তাদেরকে পরীক্ষা করেছি, যেমন পরীক্ষা করেছি উদ্যানওয়ালাদের, যখন তারা শপথ করেছিল যে, সকালে বাগানের ফল আহরণ করবে, |
18 | ইনশাআল্লাহ না বলে। |
19 | অতঃপর আপনার পালনকর্তার পক্ষ থেকে বাগানে এক বিপদ এসে পতিত হলো। যখন তারা নিদ্রিত ছিল। |
20 | ফলে সকাল পর্যন্ত হয়ে গেল ছিন্নবিচ্ছিন্ন তৃণসম। |
21 | সকালে তারা একে অপরকে ডেকে বলল, |
22 | তোমরা যদি ফল আহরণ করতে চাও, তবে সকাল সকাল ক্ষেতে চল। |
23 | অতঃপর তারা চলল ফিসফিস করে কথা বলতে বলতে, |
24 | অদ্য যেন কোন মিসকীন ব্যক্তি তোমাদের কাছে বাগানে প্রবেশ করতে না পারে। |
25 | তারা সকালে লাফিয়ে লাফিয়ে সজোরে রওয়ানা হল। |
26 | অতঃপর যখন তারা বাগান দেখল, তখন বললঃ আমরা তো পথ ভূলে গেছি। |
27 | বরং আমরা তো কপালপোড়া, |
28 | তাদের উত্তম ব্যক্তি বললঃ আমি কি তোমাদেরকে বলিনি? এখনও তোমরা আল্লাহ তা’আলার পবিত্রতা বর্ণনা করছো না কেন? |
29 | তারা বললঃ আমরা আমাদের পালনকর্তার পবিত্রতা ঘোষণা করছি, নিশ্চিতই আমরা সীমালংঘনকারী ছিলাম। |
30 | অতঃপর তারা একে অপরকে ভৎর্সনা করতে লাগল। |
31 | তারা বললঃ হায়! দুর্ভোগ আমাদের আমরা ছিলাম সীমাতিক্রমকারী। |
32 | সম্ভবতঃ আমাদের পালনকর্তা পরিবর্তে এর চাইতে উত্তম বাগান আমাদেরকে দিবেন। আমরা আমাদের পালনকর্তার কাছে আশাবাদী। |
33 | শাস্তি এভাবেই আসে এবং পরকালের শাস্তি আরও গুরুতর; যদি তারা জানত! |
34 | মোত্তাকীদের জন্যে তাদের পালনকর্তার কাছে রয়েছে নেয়ামতের জান্নাত। |
35 | আমি কি আজ্ঞাবহদেরকে অপরাধীদের ন্যায় গণ্য করব? |
36 | তোমাদের কি হল ? তোমরা কেমন সিদ্ধান্ত দিচ্ছ? |
37 | তোমাদের কি কোন কিতাব আছে, যা তোমরা পাঠ কর। |
38 | তাতে তোমরা যা পছন্দ কর, তাই পাও? |
39 | না তোমরা আমার কাছ থেকেকেয়ামত পর্যন্ত বলবৎ কোন শপথ নিয়েছ যে, তোমরা তাই পাবে যা তোমরা সিদ্ধান্ত করবে? |
40 | আপনি তাদেরকে জিজ্ঞাসা করুন তাদের কে এ বিষয়ে দায়িত্বশীল? |
41 | না তাদের কোন শরীক উপাস্য আছে? থাকলে তাদের শরীক উপাস্যদেরকে উপস্থিত করুক যদি তারা সত্যবাদী হয়। |
42 | গোছা পর্যন্ত পা খোলার দিনের কথা স্মরণ কর, সেদিন তাদেরকে সেজদা করতে আহবান জানানো হবে, অতঃপর তারা সক্ষম হবে না। |
43 | তাদের দৃষ্টি অবনত থাকবে; তারা লাঞ্ছনাগ্রস্ত হবে, অথচ যখন তারা সুস্থ ও স্বাভাবিক অবস্থায় ছিল, তখন তাদেরকে সেজদা করতে আহবান জানানো হত। |
44 | অতএব, যারা এই কালামকে মিথ্যা বলে, তাদেরকে আমার হাতে ছেড়ে দিন, আমি এমন ধীরে ধীরে তাদেরকে জাহান্নামের দিকে নিয়ে যাব যে, তারা জানতে পারবে না। |
45 | আমি তাদেরকে সময় দেই। নিশ্চয় আমার কৌশল মজবুত। |
46 | আপনি কি তাদের কাছে পারিশ্রমিক চান? ফলে তাদের উপর জরিমানার বোঝা পড়ছে? |
47 | না তাদের কাছে গায়বের খবর আছে? অতঃপর তারা তা লিপিবদ্ধ করে। |
48 | আপনি আপনার পালনকর্তার আদেশের অপেক্ষায় সবর করুন এবং মাছওয়ালা ইউনুসের মত হবেন না, যখন সে দুঃখাকুল মনে প্রার্থনা করেছিল। |
49 | যদি তার পালনকর্তার অনুগ্রহ তাকে সামাল না দিত, তবে সে নিন্দিত অবস্থায় জনশুন্য প্রান্তরে নিক্ষিপ্ত হত। |
50 | অতঃপর তার পালনকর্তা তাকে মনোনীত করলেন এবং তাকে সৎকর্মীদের অন্তর্ভুক্ত করে নিলেন। |
51 | কাফেররা যখন কোরআন শুনে, তখন তারা তাদের দৃষ্টি দ্বারা যেন আপনাকে আছাড় দিয়ে ফেলে দিবে এবং তারা বলেঃ সে তো একজন পাগল। |
52 | অথচ এই কোরআন তো বিশ্বজগতের জন্যে উপদেশ বৈ নয়। |