1 | সুনিশ্চিত বিষয়। |
2 | সুনিশ্চিত বিষয় কি? |
3 | আপনি কি কিছু জানেন, সেই সুনিশ্চিত বিষয় কি? |
4 | আদ ও সামুদ গোত্র মহাপ্রলয়কে মিথ্যা বলেছিল। |
5 | অতঃপর সমুদ গোত্রকে ধ্বংস করা হয়েছিল এক প্রলয়ংকর বিপর্যয় দ্বারা। |
6 | এবং আদ গোত্রকে ধ্বংস করা হয়েছিল এক প্রচন্ড ঝঞ্জাবায়ূ, |
7 | যা তিনি প্রবাহিত করেছিলেন তাদের উপর সাত রাত্রি ও আট দিবস পর্যন্ত অবিরাম। আপনি তাদেরকে দেখতেন যে, তারা অসার খর্জুর কান্ডের ন্যায় ভূপাতিত হয়ে রয়েছে। |
8 | আপনি তাদের কোন অস্তিত্ব দেখতে পান কি? |
9 | ফেরাউন, তাঁর পূর্ববর্তীরা এবং উল্টে যাওয়া বস্তিবাসীরা গুরুতর পাপ করেছিল। |
10 | তারা তাদের পালনকর্তার রসূলকে অমান্য করেছিল। ফলে তিনি তাদেরকে কঠোরহস্তে পাকড়াও করলেন। |
11 | যখন জলোচ্ছ্বাস হয়েছিল, তখন আমি তোমাদেরকে চলন্ত নৌযানে আরোহণ করিয়েছিলাম। |
12 | যাতে এ ঘটনা তোমাদের জন্যে স্মৃতির বিষয় এবং কান এটাকে উপদেশ গ্রহণের উপযোগী রূপে গ্রহণ করে। |
13 | যখন শিংগায় ফুৎকার দেয়া হবে-একটি মাত্র ফুৎকার |
14 | এবং পৃথিবী ও পর্বতমালা উত্তোলিত হবে ও চুর্ণ-বিচুর্ণ করে দেয়া হবে, |
15 | সেদিন কেয়ামত সংঘটিত হবে। |
16 | সেদিন আকাশ বিদীর্ণ হবে ও বিক্ষিপ্ত হবে। |
17 | এবং ফেরেশতাগণ আকাশের প্রান্তদেশে থাকবে ও আট জন ফেরেশতা আপনার পালনকর্তার আরশকে তাদের উর্ধ্বে বহন করবে। |
18 | সেদিন তোমাদেরকে উপস্থিত করা হবে। তোমাদের কোন কিছু গোপন থাকবে না। |
19 | অতঃপর যার আমলনামা ডান হাতে দেয়া হবে, সে বলবেঃ নাও, তোমরাও আমলনামা পড়ে দেখ। |
20 | আমি জানতাম যে, আমাকে হিসাবের সম্মুখীন হতে হবে। |
21 | অতঃপর সে সুখী জীবন-যাপন করবে, |
22 | সুউচ্চ জান্নাতে। |
23 | তার ফলসমূহ অবনমিত থাকবে। |
24 | বিগত দিনে তোমরা যা প্রেরণ করেছিলে, তার প্রতিদানে তোমরা খাও এবং পান কর তৃপ্তি সহকারে। |
25 | যার আমলনামা তার বাম হাতে দেয়া হবে, সে বলবেঃ হায় আমায় যদি আমার আমল নামা না দেয়া হতো। |
26 | আমি যদি না জানতাম আমার হিসাব! |
27 | হায়, আমার মৃত্যুই যদি শেষ হত। |
28 | আমার ধন-সম্পদ আমার কোন উপকারে আসল না। |
29 | আমার ক্ষমতাও বরবাদ হয়ে গেল। |
30 | ফেরেশতাদেরকে বলা হবেঃ ধর একে গলায় বেড়ি পড়িয়ে দাও, |
31 | অতঃপর নিক্ষেপ কর জাহান্নামে। |
32 | অতঃপর তাকে শৃঙ্খলিত কর সত্তর গজ দীর্ঘ এক শিকলে। |
33 | নিশ্চয় সে মহান আল্লাহতে বিশ্বাসী ছিল না। |
34 | এবং মিসকীনকে আহার্য দিতে উৎসাহিত করত না। |
35 | অতএব, আজকের দিন এখানে তার কোন সুহূদ নাই। |
36 | এবং কোন খাদ্য নাই, ক্ষত-নিঃসৃত পুঁজ ব্যতীত। |
37 | গোনাহগার ব্যতীত কেউ এটা খাবে না। |
38 | তোমরা যা দেখ, আমি তার শপথ করছি। |
39 | এবং যা তোমরা দেখ না, তার- |
40 | নিশ্চয়ই এই কোরআন একজন সম্মানিত রসূলের আনীত। |
41 | এবং এটা কোন কবির কালাম নয়; তোমরা কমই বিশ্বাস কর। |
42 | এবং এটা কোন অতীন্দ্রিয়বাদীর কথা নয়; তোমরা কমই অনুধাবন কর। |
43 | এটা বিশ্বপালনকর্তার কাছ থেকে অবতীর্ণ। |
44 | সে যদি আমার নামে কোন কথা রচনা করত, |
45 | তবে আমি তার দক্ষিণ হস্ত ধরে ফেলতাম, |
46 | অতঃপর কেটে দিতাম তার গ্রীবা। |
47 | তোমাদের কেউ তাকে রক্ষা করতে পারতে না। |
48 | এটা খোদাভীরুদের জন্যে অবশ্যই একটি উপদেশ। |
49 | আমি জানি যে, তোমাদের মধ্যে কেউ কেউ মিথ্যারোপ করবে। |
50 | নিশ্চয় এটা কাফেরদের জন্যে অনুতাপের কারণ। |
51 | নিশ্চয় এটা নিশ্চিত সত্য। |
52 | অতএব, আপনি আপনার মহান পালনকর্তার নামের পবিত্রতা বর্ননা করুন। |