1 | কল্যাণের জন্যে প্রেরিত বায়ুর শপথ, |
2 | সজোরে প্রবাহিত ঝটিকার শপথ, |
3 | মেঘবিস্তৃতকারী বায়ুর শপথ |
4 | মেঘপুঞ্জ বিতরণকারী বায়ুর শপথ এবং |
5 | ওহী নিয়ে অবতরণকারী ফেরেশতাগণের শপথ- |
6 | ওযর-আপত্তির অবকাশ না রাখার জন্যে অথবা সতর্ক করার জন্যে। |
7 | নিশ্চয়ই তোমাদেরকে প্রদত্ত ওয়াদা বাস্তবায়িত হবে। |
8 | অতঃপর যখন নক্ষত্রসমুহ নির্বাপিত হবে, |
9 | যখন আকাশ ছিদ্রযুক্ত হবে, |
10 | যখন পর্বতমালাকে উড়িয়ে দেয়া হবে এবং |
11 | যখন রসূলগণের একত্রিত হওয়ার সময় নিরূপিত হবে, |
12 | এসব বিষয় কোন দিবসের জন্যে স্থগিত রাখা হয়েছে? |
13 | বিচার দিবসের জন্য। |
14 | আপনি জানেন বিচার দিবস কি? |
15 | সেদিন মিথ্যারোপকারীদের দুর্ভোগ হবে। |
16 | আমি কি পূর্ববর্তীদেরকে ধ্বংস করিনি? |
17 | অতঃপর তাদের পশ্চাতে প্রেরণ করব পরবর্তীদেরকে। |
18 | অপরাধীদের সাথে আমি এরূপই করে থাকি। |
19 | সেদিন মিথ্যারোপকারীদের দুর্ভোগ হবে। |
20 | আমি কি তোমাদেরকে তুচ্ছ পানি থেকে সৃষ্টি করিনি? |
21 | অতঃপর আমি তা রেখেছি এক সংরক্ষিত আধারে, |
22 | এক নির্দিষ্টকাল পর্যন্ত, |
23 | অতঃপর আমি পরিমিত আকারে সৃষ্টি করেছি, আমি কত সক্ষম স্রষ্টা? |
24 | সেদিন মিথ্যারোপকারীদের দুর্ভোগ হবে। |
25 | আমি কি পৃথিবীকে সৃষ্টি করিনি ধারণকারিণীরূপে, |
26 | জীবিত ও মৃতদেরকে? |
27 | আমি তাতে স্থাপন করেছি মজবুত সুউচ্চ পর্বতমালা এবং পান করিয়েছি তোমাদেরকে তৃষ্ণা নিবারণকারী সুপেয় পানি। |
28 | সেদিন মিথ্যারোপকারীদের দুর্ভোগ হবে। |
29 | চল তোমরা তারই দিকে, যাকে তোমরা মিথ্যা বলতে। |
30 | চল তোমরা তিন কুন্ডলীবিশিষ্ট ছায়ার দিকে, |
31 | যে ছায়া সুনিবিড় নয় এবং অগ্নির উত্তাপ থেকে রক্ষা করে না। |
32 | এটা অট্টালিকা সদৃশ বৃহৎ স্ফুলিংগ নিক্ষেপ করবে। |
33 | যেন সে পীতবর্ণ উষ্ট্রশ্রেণী। |
34 | সেদিন মিথ্যারোপকারীদের দুর্ভোগ হবে। |
35 | এটা এমন দিন, যেদিন কেউ কথা বলবে না। |
36 | এবং কাউকে তওবা করার অনুমতি দেয়া হবে না। |
37 | সেদিন মিথ্যারোপকারীদের দুর্ভোগ হবে। |
38 | এটা বিচার দিবস, আমি তোমাদেরকে এবং তোমাদের পূর্ববর্তীদেরকে একত্রিত করেছি। |
39 | অতএব, তোমাদের কোন অপকৌশল থাকলে তা প্রয়োগ কর আমার কাছে। |
40 | সেদিন মিথ্যারোপকারীদের দুর্ভোগ হবে। |
41 | নিশ্চয় খোদাভীরুরা থাকবে ছায়ায় এবং প্রস্রবণসমূহে- |
42 | এবং তাদের বাঞ্ছিত ফল-মূলের মধ্যে। |
43 | বলা হবেঃ তোমরা যা করতে তার বিনিময়ে তৃপ্তির সাথে পানাহার কর। |
44 | এভাবেই আমি সৎকর্মশীলদেরকে পুরস্কৃত করে থাকি। |
45 | সেদিন মিথ্যারোপকারীদের দুর্ভোগ হবে। |
46 | কাফেরগণ, তোমরা কিছুদিন খেয়ে নাও এবং ভোগ করে নাও। তোমরা তো অপরাধী। |
47 | সেদিন মিথ্যারোপকারীদের দুর্ভোগ হবে। |
48 | যখন তাদেরকে বলা হয়, নত হও, তখন তারা নত হয় না। |
49 | সেদিন মিথ্যারোপকারীদের দুর্ভোগ হবে। |
50 | এখন কোন কথায় তারা এরপর বিশ্বাস স্থাপন করবে? |