1 | তারা পরস্পরে কি বিষয়ে জিজ্ঞাসাবাদ করছে? |
2 | মহা সংবাদ সম্পর্কে, |
3 | যে সম্পর্কে তারা মতানৈক্য করে। |
4 | না, সত্ত্বরই তারা জানতে পারবে, |
5 | অতঃপর না, সত্বর তারা জানতে পারবে। |
6 | আমি কি করিনি ভূমিকে বিছানা |
7 | এবং পর্বতমালাকে পেরেক? |
8 | আমি তোমাদেরকে জোড়া জোড়া সৃষ্টি করেছি, |
9 | তোমাদের নিদ্রাকে করেছি ক্লান্তি দূরকারী, |
10 | রাত্রিকে করেছি আবরণ। |
11 | দিনকে করেছি জীবিকা অর্জনের সময়, |
12 | নির্মান করেছি তোমাদের মাথার উপর মজবুত সপ্ত-আকাশ। |
13 | এবং একটি উজ্জ্বল প্রদীপ সৃষ্টি করেছি। |
14 | আমি জলধর মেঘমালা থেকে প্রচুর বৃষ্টিপাত করি, |
15 | যাতে তদ্দ্বারা উৎপন্ন করি শস্য, উদ্ভিদ। |
16 | ও পাতাঘন উদ্যান। |
17 | নিশ্চয় বিচার দিবস নির্ধারিত রয়েছে। |
18 | যেদিন শিংগায় ফুঁক দেয়া হবে, তখন তোমরা দলে দলে সমাগত হবে। |
19 | আকাশ বিদীর্ণ হয়ে; তাতে বহু দরজা সৃষ্টি হবে। |
20 | এবং পর্বতমালা চালিত হয়ে মরীচিকা হয়ে যাবে। |
21 | নিশ্চয় জাহান্নাম প্রতীক্ষায় থাকবে, |
22 | সীমালংঘনকারীদের আশ্রয়স্থলরূপে। |
23 | তারা তথায় শতাব্দীর পর শতাব্দী অবস্থান করবে। |
24 | তথায় তারা কোন শীতল এবং পানীয় আস্বাদন করবে না; |
25 | কিন্তু ফুটন্ত পানি ও পূঁজ পাবে। |
26 | পরিপূর্ণ প্রতিফল হিসেবে। |
27 | নিশ্চয় তারা হিসাব-নিকাশ আশা করত না। |
28 | এবং আমার আয়াতসমূহে পুরোপুরি মিথ্যারোপ করত। |
29 | আমি সবকিছুই লিপিবদ্ধ করে সংরক্ষিত করেছি। |
30 | অতএব, তোমরা আস্বাদন কর, আমি কেবল তোমাদের শাস্তিই বৃদ্ধি করব। |
31 | পরহেযগারদের জন্যে রয়েছে সাফল্য। |
32 | উদ্যান, আঙ্গুর, |
33 | সমবয়স্কা, পূর্ণযৌবনা তরুণী। |
34 | এবং পূর্ণ পানপাত্র। |
35 | তারা তথায় অসার ও মিথ্যা বাক্য শুনবে না। |
36 | এটা আপনার পালনকর্তার তরফ থেকে যথোচিত দান, |
37 | যিনি নভোমন্ডল, ভূমন্ডল ও এতদুভয়ের মধ্যবর্তী সবকিছুর পালনকর্তা, দয়াময়, কেউ তাঁর সাথে কথার অধিকারী হবে না। |
38 | যেদিন রূহ ও ফেরেশতাগণ সারিবদ্ধভাবে দাঁড়াবে। দয়াময় আল্লাহ যাকে অনুমতি দিবেন, সে ব্যতিত কেউ কথা বলতে পারবে না এবং সে সত্যকথা বলবে। |
39 | এই দিবস সত্য। অতঃপর যার ইচ্ছা, সে তার পালনকর্তার কাছে ঠিকানা তৈরী করুক। |
40 | আমি তোমাদেরকে আসন্ন শাস্তি সম্পর্কে সতর্ক করলাম, যেদিন মানুষ প্রত্যেক্ষ করবে যা সে সামনে প্রেরণ করেছে এবং কাফের বলবেঃ হায়, আফসোস-আমি যদি মাটি হয়ে যেতাম। |