1 | শপথ সেই ফেরেশতাগণের, যারা ডুব দিয়ে আত্মা উৎপাটন করে, |
2 | শপথ তাদের, যারা আত্মার বাঁধন খুলে দেয় মৃদুভাবে; |
3 | শপথ তাদের, যারা সন্তরণ করে দ্রুতগতিতে, |
4 | শপথ তাদের, যারা দ্রুতগতিতে অগ্রসর হয় এবং |
5 | শপথ তাদের, যারা সকল কর্মনির্বাহ করে, কেয়ামত অবশ্যই হবে। |
6 | যেদিন প্রকম্পিত করবে প্রকম্পিতকারী, |
7 | অতঃপর পশ্চাতে আসবে পশ্চাদগামী; |
8 | সেদিন অনেক হৃদয় ভীত-বিহবল হবে। |
9 | তাদের দৃষ্টি নত হবে। |
10 | তারা বলেঃ আমরা কি উলটো পায়ে প্রত্যাবর্তিত হবই- |
11 | গলিত অস্থি হয়ে যাওয়ার পরও? |
12 | তবে তো এ প্রত্যাবর্তন সর্বনাশা হবে! |
13 | অতএব, এটা তো কেবল এক মহা-নাদ, |
14 | তখনই তারা ময়দানে আবির্ভূত হবে। |
15 | মূসার বৃত্তান্ত আপনার কাছে পৌছেছে কি? |
16 | যখন তার পালনকর্তা তাকে পবিত্র তুয়া উপ্যকায় আহবান করেছিলেন, |
17 | ফেরাউনের কাছে যাও, নিশ্চয় সে সীমালংঘন করেছে। |
18 | অতঃপর বলঃ তোমার পবিত্র হওয়ার আগ্রহ আছে কি? |
19 | আমি তোমাকে তোমার পালনকর্তার দিকে পথ দেখাব, যাতে তুমি তাকে ভয় কর। |
20 | অতঃপর সে তাকে মহা-নিদর্শন দেখাল। |
21 | কিন্তু সে মিথ্যারোপ করল এবং অমান্য করল। |
22 | অতঃপর সে প্রতিকার চেষ্টায় প্রস্থান করল। |
23 | সে সকলকে সমবেত করল এবং সজোরে আহবান করল, |
24 | এবং বললঃ আমিই তোমাদের সেরা পালনকর্তা। |
25 | অতঃপর আল্লাহ তাকে পরকালের ও ইহকালের শাস্তি দিলেন। |
26 | যে ভয় করে তার জন্যে অবশ্যই এতে শিক্ষা রয়েছে। |
27 | তোমাদের সৃষ্টি অধিক কঠিন না আকাশের, যা তিনি নির্মাণ করেছেন? |
28 | তিনি একে উচ্চ করেছেন ও সুবিন্যস্ত করেছেন। |
29 | তিনি এর রাত্রিকে করেছেন অন্ধকারাচ্ছন্ন এবং এর সূর্যোলোক প্রকাশ করেছেন। |
30 | পৃথিবীকে এর পরে বিস্তৃত করেছেন। |
31 | তিনি এর মধ্য থেকে এর পানি ও ঘাম নির্গত করেছেন, |
32 | পর্বতকে তিনি দৃঢ়ভাবে প্রতিষ্ঠিত করেছেন, |
33 | তোমাদের ও তোমাদের চতুস্পদ জন্তুদের উপকারার্থে। |
34 | অতঃপর যখন মহাসংকট এসে যাবে। |
35 | অর্থাৎ যেদিন মানুষ তার কৃতকর্ম স্মরণ করবে |
36 | এবং দর্শকদের জন্যে জাহান্নাম প্রকাশ করা হবে, |
37 | তখন যে ব্যক্তি সীমালংঘন করেছে; |
38 | এবং পার্থিব জীবনকে অগ্রাধিকার দিয়েছে, |
39 | তার ঠিকানা হবে জাহান্নাম। |
40 | পক্ষান্তরে যে ব্যক্তি তার পালনকর্তার সামনে দন্ডায়মান হওয়াকে ভয় করেছে এবং খেয়াল-খুশী থেকে নিজেকে নিবৃত্ত রেখেছে, |
41 | তার ঠিকানা হবে জান্নাত। |
42 | তারা আপনাকে জিজ্ঞাসা করে, কেয়ামত কখন হবে? |
43 | এর বর্ণনার সাথে আপনার কি সম্পর্ক ? |
44 | এর চরম জ্ঞান আপনার পালনকর্তার কাছে। |
45 | যে একে ভয় করে, আপনি তো কেবল তাকেই সতর্ক করবেন। |
46 | যেদিন তারা একে দেখবে, সেদিন মনে হবে যেন তারা দুনিয়াতে মাত্র এক সন্ধ্যা অথবা এক সকাল অবস্থান করেছে। |