1 | তিনি ভ্রূকুঞ্চিত করলেন এবং মুখ ফিরিয়ে নিলেন। |
2 | কারণ, তাঁর কাছে এক অন্ধ আগমন করল। |
3 | আপনি কি জানেন, সে হয়তো পরিশুদ্ধ হত, |
4 | অথবা উপদেশ গ্রহণ করতো এবং উপদেশ তার উপকার হত। |
5 | পরন্তু যে বেপরোয়া, |
6 | আপনি তার চিন্তায় মশগুল। |
7 | সে শুদ্ধ না হলে আপনার কোন দোষ নেই। |
8 | যে আপনার কাছে দৌড়ে আসলো |
9 | এমতাবস্থায় যে, সে ভয় করে, |
10 | আপনি তাকে অবজ্ঞা করলেন। |
11 | কখনও এরূপ করবেন না, এটা উপদেশবানী। |
12 | অতএব, যে ইচ্ছা করবে, সে একে গ্রহণ করবে। |
13 | এটা লিখিত আছে সম্মানিত, |
14 | উচ্চ পবিত্র পত্রসমূহে, |
15 | লিপিকারের হস্তে, |
16 | যারা মহৎ, পূত চরিত্র। |
17 | মানুষ ধ্বংস হোক, সে কত অকৃতজ্ঞ! |
18 | তিনি তাকে কি বস্তু থেকে সৃষ্টি করেছেন? |
19 | শুক্র থেকে তাকে সৃষ্টি করেছেন, অতঃপর তাকে সুপরিমিত করেছেন। |
20 | অতঃপর তার পথ সহজ করেছেন, |
21 | অতঃপর তার মৃত্যু ঘটান ও কবরস্থ করেন তাকে। |
22 | এরপর যখন ইচ্ছা করবেন তখন তাকে পুনরুজ্জীবিত করবেন। |
23 | সে কখনও কৃতজ্ঞ হয়নি, তিনি তাকে যা আদেশ করেছেন, সে তা পূর্ণ করেনি। |
24 | মানুষ তার খাদ্যের প্রতি লক্ষ্য করুক, |
25 | আমি আশ্চর্য উপায়ে পানি বর্ষণ করেছি, |
26 | এরপর আমি ভূমিকে বিদীর্ণ করেছি, |
27 | অতঃপর তাতে উৎপন্ন করেছি শস্য, |
28 | আঙ্গুর, শাক-সব্জি, |
29 | যয়তুন, খর্জূর, |
30 | ঘন উদ্যান, |
31 | ফল এবং ঘাস |
32 | তোমাদেরও তোমাদের চতুস্পদ জন্তুদের উপাকারার্থে। |
33 | অতঃপর যেদিন কর্ণবিদারক নাদ আসবে, |
34 | সেদিন পলায়ন করবে মানুষ তার ভ্রাতার কাছ থেকে, |
35 | তার মাতা, তার পিতা, |
36 | তার পত্নী ও তার সন্তানদের কাছ থেকে। |
37 | সেদিন প্রত্যেকেরই নিজের এক চিন্তা থাকবে, যা তাকে ব্যতিব্যস্ত করে রাখবে। |
38 | অনেক মুখমন্ডল সেদিন হবে উজ্জ্বল, |
39 | সহাস্য ও প্রফুল্ল। |
40 | এবং অনেক মুখমন্ডল সেদিন হবে ধুলি ধূসরিত। |
41 | তাদেরকে কালিমা আচ্ছন্ন করে রাখবে। |
42 | তারাই কাফের পাপিষ্ঠের দল। |