1 | যখন সূর্য আলোহীন হয়ে যাবে, |
2 | যখন নক্ষত্র মলিন হয়ে যাবে, |
3 | যখন পর্বতমালা অপসারিত হবে, |
4 | যখন দশ মাসের গর্ভবতী উষ্ট্রীসমূহ উপেক্ষিত হবে; |
5 | যখন বন্য পশুরা একত্রিত হয়ে যাবে, |
6 | যখন সমুদ্রকে উত্তাল করে তোলা হবে, |
7 | যখন আত্মাসমূহকে যুগল করা হবে, |
8 | যখন জীবন্ত প্রোথিত কন্যাকে জিজ্ঞেস করা হবে, |
9 | কি অপরাধে তাকে হত্য করা হল? |
10 | যখন আমলনামা খোলা হবে, |
11 | যখন আকাশের আবরণ অপসারিত হবে, |
12 | যখন জাহান্নামের অগ্নি প্রজ্বলিত করা হবে |
13 | এবং যখন জান্নাত সন্নিকটবর্তী হবে, |
14 | তখন প্রত্যেকেই জেনে নিবে সে কি উপস্থিত করেছে। |
15 | আমি শপথ করি যেসব নক্ষত্রগুলো পশ্চাতে সরে যায়। |
16 | চলমান হয় ও অদৃশ্য হয়, |
17 | শপথ নিশাবসান ও |
18 | প্রভাত আগমন কালের, |
19 | নিশ্চয় কোরআন সম্মানিত রসূলের আনীত বাণী, |
20 | যিনি শক্তিশালী, আরশের মালিকের নিকট মর্যাদাশালী, |
21 | সবার মান্যবর, সেখানকার বিশ্বাসভাজন। |
22 | এবং তোমাদের সাথী পাগল নন। |
23 | তিনি সেই ফেরেশতাকে প্রকাশ্য দিগন্তে দেখেছেন। |
24 | তিনি অদৃশ্য বিষয় বলতে কৃপনতা করেন না। |
25 | এটা বিতাড়িত শয়তানের উক্তি নয়। |
26 | অতএব, তোমরা কোথায় যাচ্ছ? |
27 | এটা তো কেবল বিশ্বাবাসীদের জন্যে উপদেশ, |
28 | তার জন্যে, যে তোমাদের মধ্যে সোজা চলতে চায়। |
29 | তোমরা আল্লাহ রাব্বুল আলামীনের অভিপ্রায়ের বাইরে অন্য কিছুই ইচ্ছা করতে পার না। |