1 | যারা মাপে কম করে, তাদের জন্যে দুর্ভোগ, |
2 | যারা লোকের কাছ থেকে যখন মেপে নেয়, তখন পূর্ণ মাত্রায় নেয় |
3 | এবং যখন লোকদেরকে মেপে দেয় কিংবা ওজন করে দেয়, তখন কম করে দেয়। |
4 | তারা কি চিন্তা করে না যে, তারা পুনরুত্থিত হবে। |
5 | সেই মহাদিবসে, |
6 | যেদিন মানুষ দাঁড়াবে বিশ্ব পালনকর্তার সামনে। |
7 | এটা কিছুতেই উচিত নয়, নিশ্চয় পাপাচারীদের আমলনামা সিজ্জীনে আছে। |
8 | আপনি জানেন, সিজ্জীন কি? |
9 | এটা লিপিবদ্ধ খাতা। |
10 | সেদিন দুর্ভোগ মিথ্যারোপকারীদের, |
11 | যারা প্রতিফল দিবসকে মিথ্যারোপ করে। |
12 | প্রত্যেক সীমালংঘনকারী পাপিষ্ঠই কেবল একে মিথ্যারোপ করে। |
13 | তার কাছে আমার আয়াতসমূহ পাঠ করা হলে সে বলে, পুরাকালের উপকথা। |
14 | কখনও না, বরং তারা যা করে, তাই তাদের হৃদয় মরিচা ধরিয়ে দিয়েছে। |
15 | কখনও না, তারা সেদিন তাদের পালনকর্তার থেকে পর্দার অন্তরালে থাকবে। |
16 | অতঃপর তারা জাহান্নামে প্রবেশ করবে। |
17 | এরপর বলা হবে, একেই তো তোমরা মিথ্যারোপ করতে। |
18 | কখনও না, নিশ্চয় সৎলোকদের আমলনামা আছে ইল্লিয়্যীনে। |
19 | আপনি জানেন ইল্লিয়্যীন কি? |
20 | এটা লিপিবদ্ধ খাতা। |
21 | আল্লাহর নৈকট্যপ্রাপ্ত ফেরেশতাগণ একে প্রত্যক্ষ করে। |
22 | নিশ্চয় সৎলোকগণ থাকবে পরম আরামে, |
23 | সিংহাসনে বসে অবলোকন করবে। |
24 | আপনি তাদের মুখমন্ডলে স্বাচ্ছন্দ্যের সজীবতা দেখতে পাবেন। |
25 | তাদেরকে মোহর করা বিশুদ্ধ পানীয় পান করানো হবে। |
26 | তার মোহর হবে কস্তুরী। এ বিষয়ে প্রতিযোগীদের প্রতিযোগিতা করা উচিত। |
27 | তার মিশ্রণ হবে তসনীমের পানি। |
28 | এটা একটা ঝরণা, যার পানি পান করবে নৈকট্যশীলগণ। |
29 | যারা অপরাধী, তারা বিশ্বাসীদেরকে উপহাস করত। |
30 | এবং তারা যখন তাদের কাছ দিয়ে গমন করত তখন পরস্পরে চোখ টিপে ইশারা করত। |
31 | তারা যখন তাদের পরিবার-পরিজনের কাছে ফিরত, তখনও হাসাহাসি করে ফিরত। |
32 | আর যখন তারা বিশ্বাসীদেরকে দেখত, তখন বলত, নিশ্চয় এরা বিভ্রান্ত। |
33 | অথচ তারা বিশ্বাসীদের তত্ত্বাবধায়করূপে প্রেরিত হয়নি। |
34 | আজ যারা বিশ্বাসী, তারা কাফেরদেরকে উপহাস করছে। |
35 | সিংহাসনে বসে, তাদেরকে অবলোকন করছে, |
36 | কাফেররা যা করত, তার প্রতিফল পেয়েছে তো? |