1 | যখন আকাশ বিদীর্ণ হবে, |
2 | ও তার পালনকর্তার আদেশ পালন করবে এবং আকাশ এরই উপযুক্ত |
3 | এবং যখন পৃথিবীকে সম্প্রসারিত করা হবে। |
4 | এবং পৃথিবী তার গর্ভস্থিত সবকিছু বাইরে নিক্ষেপ করবে ও শুন্যগর্ভ হয়ে যাবে। |
5 | এবং তার পালনকর্তার আদেশ পালন করবে এবং পৃথিবী এরই উপযুক্ত। |
6 | হে মানুষ, তোমাকে তোমরা পালনকর্তা পর্যন্ত পৌছতে কষ্ট স্বীকার করতে হবে, অতঃপর তার সাক্ষাৎ ঘটবে। |
7 | যাকে তার আমলনামা ডান হাতে দেয়া হবে |
8 | তার হিসাব-নিকাশ সহজে হয়ে যাবে |
9 | এবং সে তার পরিবার-পরিজনের কাছে হৃষ্টচিত্তে ফিরে যাবে |
10 | এবং যাকে তার আমলনামা পিঠের পশ্চাদ্দিক থেকে দেয়া, হবে, |
11 | সে মৃত্যুকে আহবান করবে, |
12 | এবং জাহান্নামে প্রবেশ করবে। |
13 | সে তার পরিবার-পরিজনের মধ্যে আনন্দিত ছিল। |
14 | সে মনে করত যে, সে কখনও ফিরে যাবে না। |
15 | কেন যাবে না, তার পালনকর্তা তো তাকে দেখতেন। |
16 | আমি শপথ করি সন্ধ্যাকালীন লাল আভার |
17 | এবং রাত্রির, এবং তাতে যার সমাবেশ ঘটে |
18 | এবং চন্দ্রের, যখন তা পূর্ণরূপ লাভ করে, |
19 | নিশ্চয় তোমরা এক সিঁড়ি থেকে আরেক সিঁড়িতে আরোহণ করবে। |
20 | অতএব, তাদের কি হল যে, তারা ঈমান আনে না? |
21 | যখন তাদের কাছে কোরআন পাঠ করা হয়, তখন সেজদা করে না। |
22 | বরং কাফেররা এর প্রতি মিথ্যারোপ করে। |
23 | তারা যা সংরক্ষণ করে, আল্লাহ তা জানেন। |
24 | অতএব, তাদেরকে যন্ত্রণাদায়ক শাস্তির সুসংবাদ দিন। |
25 | কিন্তু যারা বিশ্বাস স্থাপন করে ও সৎকর্ম করে, তাদের জন্য রয়েছে অফুরন্ত পুরস্কার। |