1 | শপথ আকাশের এবং রাত্রিতে আগমনকারীর। |
2 | আপনি জানেন, যে রাত্রিতে আসে সেটা কি? |
3 | সেটা এক উজ্জ্বল নক্ষত্র। |
4 | প্রত্যেকের উপর একজন তত্ত্বাবধায়ক রয়েছে। |
5 | অতএব, মানুষের দেখা উচিত কি বস্তু থেকে সে সৃজিত হয়েছে। |
6 | সে সৃজিত হয়েছে সবেগে স্খলিত পানি থেকে। |
7 | এটা নির্গত হয় মেরুদন্ড ও বক্ষপাজরের মধ্য থেকে। |
8 | নিশ্চয় তিনি তাকে ফিরিয়ে নিতে সক্ষম। |
9 | যেদিন গোপন বিষয়াদি পরীক্ষিত হবে, |
10 | সেদিন তার কোন শক্তি থাকবে না এবং সাহায্যকারীও থাকবে না। |
11 | শপথ চক্রশীল আকাশের |
12 | এবং বিদারনশীল পৃথিবীর |
13 | নিশ্চয় কোরআন সত্য-মিথ্যার ফয়সালা। |
14 | এবং এটা উপহাস নয়। |
15 | তারা ভীষণ চক্রান্ত করে, |
16 | আর আমিও কৌশল করি। |
17 | অতএব, কাফেরদেরকে অবকাশ দিন, তাদেরকে অবকাশ দিন, কিছু দিনের জন্যে। |