1 | শপথ ফজরের, |
2 | শপথ দশ রাত্রির, শপথ তার, |
3 | যা জোড় ও যা বিজোড় |
4 | এবং শপথ রাত্রির যখন তা গত হতে থাকে |
5 | এর মধ্যে আছে শপথ জ্ঞানী ব্যক্তির জন্যে। |
6 | আপনি কি লক্ষ্য করেননি, আপনার পালনকর্তা আদ বংশের ইরাম গোত্রের সাথে কি আচরণ করেছিলেন, |
7 | যাদের দৈহিক গঠন স্তম্ভ ও খুঁটির ন্যায় দীর্ঘ ছিল এবং |
8 | যাদের সমান শক্তি ও বলবীর্যে সারা বিশ্বের শহরসমূহে কোন লোক সৃজিত হয়নি |
9 | এবং সামুদ গোত্রের সাথে, যারা উপত্যকায় পাথর কেটে গৃহ নির্মাণ করেছিল। |
10 | এবং বহু কীলকের অধিপতি ফেরাউনের সাথে |
11 | যারা দেশে সীমালঙ্ঘন করেছিল। |
12 | অতঃপর সেখানে বিস্তর অশান্তি সৃষ্টি করেছিল। |
13 | অতঃপর আপনার পালনকর্তা তাদেরকে শাস্তির কশাঘাত করলেন। |
14 | নিশ্চয় আপনার পালকর্তা সতর্ক দৃষ্টি রাখেন। |
15 | মানুষ এরূপ যে, যখন তার পালনকর্তা তাকে পরীক্ষা করেন, অতঃপর সম্মান ও অনুগ্রহ দান করেন, তখন বলে, আমার পালনকর্তা আমাকে সম্মান দান করেছেন। |
16 | এবং যখন তাকে পরীক্ষা করেন, অতঃপর রিযিক সংকুচিত করে দেন, তখন বলেঃ আমার পালনকর্তা আমাকে হেয় করেছেন। |
17 | এটা অমূলক, বরং তোমরা এতীমকে সম্মান কর না। |
18 | এবং মিসকীনকে অন্নদানে পরস্পরকে উৎসাহিত কর না। |
19 | এবং তোমরা মৃতের ত্যাজ্য সম্পত্তি সম্পূর্ণরূপে কুক্ষিগত করে ফেল |
20 | এবং তোমরা ধন-সম্পদকে প্রাণভরে ভালবাস। |
21 | এটা অনুচিত। যখন পৃথিবী চুর্ণ-বিচুর্ণ হবে |
22 | এবং আপনার পালনকর্তা ও ফেরেশতাগণ সারিবদ্ধভাবে উপস্থিত হবেন, |
23 | এবং সেদিন জাহান্নামকে আনা হবে, সেদিন মানুষ স্মরণ করবে, কিন্তু এই স্মরণ তার কি কাজে আসবে? |
24 | সে বলবেঃ হায়, এ জীবনের জন্যে আমি যদি কিছু অগ্রে প্রেরণ করতাম! |
25 | সেদিন তার শাস্তির মত শাস্তি কেউ দিবে না। |
26 | এবং তার বন্ধনের মত বন্ধন কেউ দিবে না। |
27 | হে প্রশান্ত মন, |
28 | তুমি তোমার পালনকর্তার নিকট ফিরে যাও সন্তুষ্ট ও সন্তোষভাজন হয়ে। |
29 | অতঃপর আমার বান্দাদের অন্তর্ভুক্ত হয়ে যাও। |
30 | এবং আমার জান্নাতে প্রবেশ কর। |