1 | শপথ সূর্যের ও তার কিরণের, |
2 | শপথ চন্দ্রের যখন তা সূর্যের পশ্চাতে আসে, |
3 | শপথ দিবসের যখন সে সূর্যকে প্রখরভাবে প্রকাশ করে, |
4 | শপথ রাত্রির যখন সে সূর্যকে আচ্ছাদিত করে, |
5 | শপথ আকাশের এবং যিনি তা নির্মাণ করেছেন, তাঁর। |
6 | শপথ পৃথিবীর এবং যিনি তা বিস্তৃত করেছেন, তাঁর, |
7 | শপথ প্রাণের এবং যিনি তা সুবিন্যস্ত করেছেন, তাঁর, |
8 | অতঃপর তাকে তার অসৎকর্ম ও সৎকর্মের জ্ঞান দান করেছেন, |
9 | যে নিজেকে শুদ্ধ করে, সেই সফলকাম হয়। |
10 | এবং যে নিজেকে কলুষিত করে, সে ব্যর্থ মনোরথ হয়। |
11 | সামুদ সম্প্রদায় অবাধ্যতা বশতঃ মিথ্যারোপ করেছিল। |
12 | যখন তাদের সর্বাধিক হতভাগ্য ব্যক্তি তৎপর হয়ে উঠেছিল। |
13 | অতঃপর আল্লাহর রসূল তাদেরকে বলেছিলেনঃ আল্লাহর উষ্ট্রী ও তাকে পানি পান করানোর ব্যাপারে সতর্ক থাক। |
14 | অতঃপর ওরা তার প্রতি মিথ্যারোপ করেছিল এবং উষ্ট্রীর পা কর্তন করেছিল। তাদের পাপের কারণে তাদের পালনকর্তা তাদের উপর ধ্বংস নাযিল করে একাকার করে দিলেন। |
15 | আল্লাহ তা’আলা এই ধ্বংসের কোন বিরূপ পরিণতির আশংকা করেন না। |