1 | শপথ রাত্রির, যখন সে আচ্ছন্ন করে, |
2 | শপথ দিনের, যখন সে আলোকিত হয় |
3 | এবং তাঁর, যিনি নর ও নারী সৃষ্টি করেছেন, |
4 | নিশ্চয় তোমাদের কর্ম প্রচেষ্টা বিভিন্ন ধরনের। |
5 | অতএব, যে দান করে এবং খোদাভীরু হয়, |
6 | এবং উত্তম বিষয়কে সত্য মনে করে, |
7 | আমি তাকে সুখের বিষয়ের জন্যে সহজ পথ দান করব। |
8 | আর যে কৃপণতা করে ও বেপরওয়া হয় |
9 | এবং উত্তম বিষয়কে মিথ্যা মনে করে, |
10 | আমি তাকে কষ্টের বিষয়ের জন্যে সহজ পথ দান করব। |
11 | যখন সে অধঃপতিত হবে, তখন তার সম্পদ তার কোনই কাজে আসবে না। |
12 | আমার দায়িত্ব পথ প্রদর্শন করা। |
13 | আর আমি মালিক ইহকালের ও পরকালের। |
14 | অতএব, আমি তোমাদেরকে প্রজ্বলিত অগ্নি সম্পর্কে সতর্ক করে দিয়েছি। |
15 | এতে নিতান্ত হতভাগ্য ব্যক্তিই প্রবেশ করবে, |
16 | যে মিথ্যারোপ করে ও মুখ ফিরিয়ে নেয়। |
17 | এ থেকে দূরে রাখা হবে খোদাভীরু ব্যক্তিকে, |
18 | যে আত্নশুদ্ধির জন্যে তার ধন-সম্পদ দান করে। |
19 | এবং তার উপর কারও কোন প্রতিদানযোগ্য অনুগ্রহ থাকে না। |
20 | তার মহান পালনকর্তার সন্তুষ্টি অন্বেষণ ব্যতীত। |
21 | সে সত্বরই সন্তুষ্টি লাভ করবে। |